মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে জিততে যেন ভুলেই গেছে কলকাতা নাইট রাইডার্স। এই নিয়ে আইপিএল ইতিহাসে দুই দলের ২৭ দেখায় ২১ বারই জিতেছে মুম্বাই।
মুম্বাই ইন্ডিয়ানস নাম শুনলেই যেন ভয়ে থরথর করে কাঁপতে থাকে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে এই দুই বড় দলের লড়াইটা সব সময়ই হয় একপেশে। কলকাতাকে প্রতিপক্ষ হিসেবে পেলে সহজেই ২ পয়েন্ট পেয়ে যাবে মুম্বাই, এটাই যেন নিয়ম হয়ে গেছে বছরের পর বছর ধরে। এবারের আইপিএলেও ব্যতিক্রম না | গ্রুপ পর্বের প্রথম দেখায় কলকাতা মুম্বাইয়ের কাছে হেরেছে টুর্নামেন্টের শুরুতেই। আজ দ্বিতীয় দেখাতেও একই ফল। প্রথমে বোলিং, এরপর এরপর ব্যাটিংয়ের দাপট দেখিয়ে কলকাতাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেল মুম্বাই। এই নিয়ে আইপিএল ইতিহাসে কলকাতা-মুম্বাইয়ের ২৭ বারের দেখায় ২১তম জয় পেল মুম্বাই।ম্যাচের আগেই কলকাতা ছিল এলোমেলো। নিয়মিত অধিনায়ক দিনেশ কার্তিক দায়িত্ব তুলে দেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগানের হাতে। কিন্তু কলকাতার এই ‘মুম্বাই জুজু’ কাটাতে পারলেন না নতুন অধিনায়ক মরগানও। মরগান যেন অধিনায়কত্ব করবেন, এই খবর জানা যায় ম্যাচের মাত্র দুই-তিন ঘণ্টা আগে। দলের অস্থিতিশীল ভাবটা দেখা গেছে কলকাতার ব্যাটিংয়েও। ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন। এরপর আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার প্যাট কামিন্স ও নতুন অধিনায়ক মরগান মিলে কলকাতাকে লজ্জা থেকে বাঁচান। দুজন মিলে ৮৭ রান যোগ করে অবিচ্ছেদ্য থাকেন ইনিংসের শেষ পর্যন্ত। মরগান করেন ২৯ বলে ৩৯ রান, ৩৬ বলে ৫৩ রান কামিন্সের। আবুধাবির মন্থর উইকেটে ৫ উইকেটে ১৪৮ রান তোলে কলকাতা | মুম্বাইয়ের টপ অর্ডার দ্রুত ফেরাতে পারলে এই রান নিয়েও লড়াই করতে পারত কলকাতা। কিন্তু রোহিত শর্মা, কুইন্টন ডি কক বোধ হয় অন্য পরিকল্পনা করে নেমেছিলেন। ম্যাচ কতটা দাপটে জেতা যায় সেটাই দেখালেন মুম্বাইয়ের দুই ওপেনার। ওভার প্রতি সাড়ে সাত রান দরকার, ওদিকে মুম্বাই ইনিংসের শুরু থেকে খেলেছে প্রায় ১০ রান রেটে। ৩৬ বলে ৩৫ রান করে রোহিত আউট হলেও ডি কক থামেননি। তিনে নামা সূর্য কুমার যাদব আউট হন ১০ বলে ১০ রান যোগ করে। তবে ডি ককের অপরাজিত ফিফটি কলকাতাকে ম্যাচ থেকে ছিটকে ফেলে। হার্দিক পান্ডিয়া এসে দ্রুত কিছু রান করায় ম্যাচের ১৯ বল বাকি থাকতেই মুম্বাই জিতে যায়। ডি ককের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৪৪ বলে ৭৮ রান। ৩ ছক্কার সঙ্গে ৯টি চার।এই জয়ে আবার ৮ ম্যাচে ৬ জয় আর ১২ পয়েন্ট নিয়ে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে রোহিতের দল। সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দুইয়ে আছে আরেক ধারাবাহিক দল দিল্লি ক্যাপিটালস। গত কয়েক ম্যাচ ধরেই এক ও দুইয়ে থাকার লড়াইটা এই দুই দলের মধ্যে। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে কলকাতা চারে।


0 Comments