
কয়েক দিন আগেই পেরুর বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে ব্রাজিলকে জিতিয়েছেন নেইমার। পেরুর লিমায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটা বেশ দেরিতেই শেষ হয়েছিল, ফলে ইউরোপীয় সময়ের পার্থক্যের কারণে পিএসজির হয়ে কাল লিগের ম্যাচটিতে মাঠে নামতে পারেননি এই ব্রাজিল তারকা। তাতে পিএসজির অবশ্য বিশেষ ক্ষতিবৃদ্ধি হয়নি। কিলিয়ান এমবাপ্পের জাদুতে নিম কে ৪-০ গোলে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।
এবার দলবদলের শেষ দিনে বার্সেলোনা থেকে ব্রাজিল মিডফিল্ডার রাফিনিয়া আলকানতারা ও এভারটন থেকে ইতালিয়ান স্ট্রাইকার মইসে কিনকে দলে টেনেছে পিএসজি। নিমের বিপক্ষে দুজনেরই অভিষেক হয়েছে। ৪-৩-৩ ছকে গোলরক্ষক কেইলর নাভাসের সামনে দুই সেন্টারব্যাক হিসেবে ছিলেন দুই ফরাসি তারকা প্রেসনেল কিমপেম্বে ও আবদু দিয়ালো। ইতালির রাইটব্যাক আলেসসান্দ্রো ফ্লোরেঞ্জির সঙ্গে লেফটব্যাক হিসেবে খেলেছেন ডাচ ফুটবলার মিচেল বাকার।
তিন মিডফিল্ডারের জায়গায় রাফিনিয়ার সঙ্গে খেলেছেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস ও আইভরি কোস্টের ইদ্রিসা গেয়ে। আক্রমণভাগে কিনের দুপাশে ছিলেন এমবাপ্পে ও স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া।


0 Comments